মাদারীপুরের ডাসায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে মারা যান। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় সেটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, ‘গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন।

গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।’