বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এখন সেচের মৌসুম চলছে। কৃষক যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হন সেজন্য সরকার কাজ করছে। কৃষকদের নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের আঁচ বাংলাদেশকেও স্পর্শ করেছে। তারপরও জনগণের ভোগান্তি কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবন উদ্বোধনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পরিদর্শনকালে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সেই কাজের অগ্রগতি দেখতে এসেছিলেন প্রতীমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি জানান, আগামী ২৭ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খালের পুনঃখনন কাজে অংশ নেবেন তিনি। এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ঈদগাহ ময়দানের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখবেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর ধরে যশোরে স্থবির হয়ে থাকা উন্নয়নের চাকা প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফের সচল হবে।’
তিনি আরও বলেন, ‘আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে যশোর ঈদগাহ ময়দানে এক ঐতিহাসিক জনসভায় যশোরে ৫শ’ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। গত নির্বাচনের আগেও আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল, নির্বাচিত হলে এই হাসপাতাল করার। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
তারেক রহমানের যশোর সফরের প্রস্তুতি উপলক্ষে প্রতিমন্ত্রী সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরিদর্শন করেন। সবশেষে শার্শা উপজেলার উলাশী খাল পরিদর্শনে যান।