জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এসময় চলমান বৈশ্বিক জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। বর্তমান পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোর (যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স) নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ড্রাগন পপোভিক, তানভীর মাহমুদ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করা জরুরি। বিশেষ করে নতুন সংসদ সদস্যদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলী ও এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করতে পারে ইউএনডিপি। এসময় নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ইউএনডিপির সাথে দ্বিপাক্ষিক সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে।
জাতীয় সংসদকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, সংসদে বর্তমানে কিছু বিষয় বাস্তবায়ন করা অত্যাবশ্যক। বিশেষ একটি সমৃদ্ধ ও আধুনিক ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থা প্রবর্তন, অধিবেশনের দৈনন্দিন কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস সুবিধা স্থাপন।
বর্তমান সংসদের পরিবেশ নিয়ে স্পিকার বলেন, এই সংসদে বিরোধী দল অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। এছাড়া সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে যথেষ্ট উদার ও সচেষ্ট।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বর্তমান সংসদকে ‘প্রাণবন্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, ইউএনডিপি দীর্ঘকাল ধরে বাংলাদেশ ও জাতীয় সংসদের বিশ্বস্ত সহযোগী। এই সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।