ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
জামিন চেয়ে আবুল সরকারের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বরিবার রুলসহ অন্তবর্তীকালীন এ জামিন দেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল এ তথ্য জানিয়েছেন।
আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, “মামলায় ধর্ম অবনাননার অভিযোগ আনা হলেও এর উপাদান নেই। হাইকোর্ট রুল দিয়ে বাউলশিল্পী আবুল সরকারকে ছয় মাসের জামিন দিয়েছেন। অন্য কোনো মামলা না থাকলে আবুল সরকারের মুক্তিতে আইনি কোনো বাধা নেই।”
ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আবুল সরকার। আবেদনটি আদালতের রবিবারের কার্যতালিকায় ওঠে ও শুনানি হয়।
আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
এর আগে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় গত ৪ নভেম্বর পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়।