ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় শুরু হওয়া কমিশনের ১১তম সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইসি সূত্র জানায়, বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ছাড়াও আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হচ্ছে।
আইন অনুযায়ী, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই হিসাবে আগামী ১৪ মে’র আগেই এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
এরইমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। নির্ধারিত সময়সীমা ৫ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও বেশিরভাগ দল এর আগেই তাদের অবস্থান জানিয়েছে।
ইসি সূত্র আরও জানায়, বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন একটি পৃথক জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। পাশাপাশি আজ ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।