রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে আন্দোলন করেছেন একটি গ্রুপের পোশাকর্মীরা। এতে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে।
আজ রবিবার ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে একটি গ্রুপের আনুমানিক ৭০০/৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা শুরু করেন। এতে তেজগাঁও টু মহাখালী- উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী- তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা।
অবরোধের সময় ট্রাফিক পুলিশের পক্ষে ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়।
তখন তারা জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা- মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে।
এ ছাড়া কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।