বগুড়া-যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের নকলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় বাসটির চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার ৪০ মিনিটের দিকে নলকা গ্যাস অফিসের সামনে হোড়গাঁতী ব্রিজের সড়ক বিভাজকে ধাক্কা দেয় বাসটি।
নিহতরা হলেন- বাসচালক- আয়েজ উদ্দিন (৫০), রায়গড় উপজেলার চান্দাইকোনা এলাকার বাসিন্দা রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি বাস হোড়গাঁতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সড়ক বিভজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যায়। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।