লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এন বি সি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুবেল হোসেন (৩০), মো. আলাউদ্দিন (৩৫)। তারা একই উপজেলার চরভূতা গ্রামের বাসিন্দা এবং ইটভাটায় দৈনিক বেতনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সূত্রে জানা যায়, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর ছিল।
সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় কাজের ফাঁকে রুবেল, আলাউদ্দিন বিশ্রামের জন্য ঘরটির পাশে ছায়ায় বসেন।
এ সময় ঘামে ভেজা শরীর নিয়ে একজন ঘরের সঙ্গে হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হন।
তাদের দেখে আরেকজন শ্রমিক এগিয়ে এলেও বৈদ্যুতিক শক খেয়ে সরে যান।
পরে গুরুতর আহত অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দোলন আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।