ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধ কমপক্ষে আরও ৬ মাস চালিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জানিয়েছেন, তেহরান যুদ্ধের সময় নিয়ে উদ্বিগ্ন নয়।
তেহরান থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি দীর্ঘমেয়াদি প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান নিজের প্রতিরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় আলোচনার অর্থ হচ্ছে দুই পক্ষের সরাসরি বসে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা, যা এখনো ঘটেনি। তবে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে।
কখনো সরাসরি, কখনো আঞ্চলিক মিত্রদের মাধ্যমে। কিন্তু এটিকে আলোচনা বলা যায় না।
তিনি আরও জানান, এসব বার্তা আদান-প্রদান সরকারি চ্যানেলের মাধ্যমেই হচ্ছে এবং এতে কোনো ভিন্নমত বা আলাদা যোগাযোগ ব্যবস্থা নেই।
সবকিছুই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের তথাকথিত ১৫ দফা প্রস্তাব বা ইরানের পাঁচটি শর্তের বিষয়ে আরাগচি বলেন, এসবই ভিত্তিহীন গণমাধ্যমের জল্পনা, এ ধরনের কোনো প্রস্তাবে ইরান এখনো সাড়া দেয়নি।
যুদ্ধ বন্ধের শর্ত সম্পর্কে তিনি বলেন, ইরান কেবল যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায়।
পাশাপাশি ভবিষ্যতে এমন সংঘাত যাতে আর না ঘটে তার নিশ্চয়তা এবং ইরানি জনগণের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান।