ধর্মীয় উপসনালয়ের ইমাম, পুরহিত বা এ ধরনের কয়েকটি পদে কার্যরত ১৬ হাজার ৭৮৪ জন ব্যক্তিকে সম্মানি ও উৎসব ভাতা হিসেবে ২৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় করবে সরকার।

 

পরীক্ষামূলক প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই অর্থ বরাদ্দের আবেদনে সম্মতি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপসানালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে এই বরাদ্দের আবেদনে সম্মতি দেন অর্থমন্ত্রী।

 

 

ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তাব থেকে জানা যায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে কতিপয় কার্যপরিধির উল্লেখসহ একটি সেল গঠিত হয়।

 

 

ওই কার্যপরিধির আলোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে গত ২৬ ফেব্রুয়ারি ওই সেলের একটি সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় প্রধানমন্ত্রী সারাদেশে প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভা থেকে ১টি করে মসজিদ, প্রতিটি উপজেলা থেকে ২টি করে মন্দির, সারাদেশে ৭২টি উপজেলায় বৌদ্ধ বিহার অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে ২টি করে বৌদ্ধ বিহার ও ১৯৮টি উপজেলায় গির্জা অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে ২টি করে গির্জা নির্বাচন করে মাসিক সম্মানি এবং উৎসব ভাতা বা বোনাস প্রদানের নির্দেশনা দেন।