মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের বুক।
সবশেষ খবর অনুযায়ী, দেশটির গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা বে বা হাইফা উপকূলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইসরায়েলি রাষ্ট্রীয় বেতারের প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের বড় বড় টুকরো পড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখে বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, শুধু হাইফা নয়, রাজধানী তেল আবিবসহ মধ্য ইসরায়েলের এক বিশাল এলাকা জুড়ে এখন শুধুই সাইরেনের আর্তনাদ। হিজবুল্লাহ ও ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের ঢেউ আছড়ে পড়ার আগেই পুরো এলাকায় উচ্চ সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
তেল আবিব, জেরুজালেম এবং আশদোদ শহরের বাসিন্দারা একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এর ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ বা ‘মিসাইল ডেব্রি’ জনবহুল এলাকায় পড়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে উদ্ধারকারী দল কাজ করছে।