১১ জেলার জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করে সেখানে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর ও সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসিচব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি.এম. সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব (সচিব) মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আদেশে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।

 

এর আগে রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অপর একটি প্রজ্ঞাপনে দেশের ১১ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহার করা জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন : চুয়াডাঙ্গার মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের জাহাঙ্গীর আলম, মেহেরপুরের ড. সৈয়দ এনামুল কবির, লালমনিরহাটের এইচ এম রকিব হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের শামীম আরা রিনি, খুলনার আ.স.ম. জামশেদ খোন্দকার, নরসিংদীর মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং রাজশাহীর আফিয়া আখতার।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন দায়িত্বে পদায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।