মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও অস্থিরতা প্রশমনে একজোট হচ্ছে মুসলিম বিশ্বের শীর্ষ দেশগুলো।

আঞ্চলিক সংকট নিরসন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক মিশনে পাকিস্তান সফরে আসছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা।

 

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে কাল রোববার ও সোমবার (২৯-৩০ মার্চ) ইসলামাবাদে এই উচ্চপর্যায়ের ‘কোয়াড্রিল্যাটারাল’ বা চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে অংশ নেবেন সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেল আতি।

 

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিশেষ করে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দেশগুলো একটি সম্মিলিত কৌশল নির্ধারণের চেষ্টা করছে যাতে করে বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে দেওয়ার আগে এই অঞ্চলের দেশগুলো নিজেরাই সমস্যার সমাধান করতে পারে। সফরকালে পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান, সামরিকভাবে শক্তিশালী মিশর ও তুরস্ক এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী সউদী আরবের এই ঐক্যবদ্ধ অবস্থান বৈশ্বিক রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।