আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির নামে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নামকরণ করছে।
বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) ইউরোপের সফল অধ্যায় শেষে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দেন মেসি।
ফ্লোরিডার এই ক্লাবের হয়ে এরই মধ্যে সর্বোচ্চ গোলদাতা (৮২ গোল) এবং সর্বোচ্চ অ্যাসিস্ট (৫৩ অ্যাসিস্ট) হয়েছেন ৩৮ বছর বয়সী এই প্লে-মেকার। এখনও খেলছেন এমন খেলোয়াড়কে ২৬ হাজার ৭০০ আসনবিশিষ্ট নতুন ন্যু স্টেডিয়ামে এভাবে সম্মান জানানো বিরল ঘটনা।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, “সাধারণত সম্মাননা অতীতকে ঘিরে হয়। স্মৃতি থেকে জন্ম নেয়। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমান থেকে জন্ম নিয়েছে। যখনই লিও মাঠে নামেন, তখনই আপনি কিছু অনন্য অনুভব করেন। কাউকে স্বীকৃতি দেওয়া সবসময় অধ্যায় শেষ করার জন্য নয়। কখনও কখনও এটি হয় এই উপলব্ধি থেকে যে আপনি কিছু অনন্য ঘটনার সাক্ষী হচ্ছেন।”
আগামী ৪ এপ্রিল নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি, প্রতিপক্ষ অস্টিন এফসি। এ নিয়ে দুটি স্টেডিয়ামের স্ট্যান্ড হলো মেসির নামে। ২০২৫ সালের জুনে নিউওয়েলস ওল্ড বয়েজও একইভাবে তাকে সম্মান জানিয়েছিল।
এটি তার শৈশবের ক্লাব।
ডেভিড বেকহ্যামসহ মালিকানাধীন ইন্টার মায়ামিতে মেসির আগমন ক্লাব ও লিগের মর্যাদা বাড়িয়েছে বহুগুণ। তার নেতৃত্বে দল লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপ জিতেছে।
মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার বর্ষসেরার খেতাব জিতে নেন মেসি।