প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে পেল না জালের দেখা। তবু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে সহজেই হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচে সফরকারীদের ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এনসো ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান নিকো পাস।

ম্যাচের অন্তিম সময়ে ব্যবধান কমান জর্ডান লেফোর্ট।

লা বোম্বোনেরায় বিরতির পর তুমুল করতালির মধ্যে মাঠে নামেন লিওনেল মেসি। বৃষ্টিতে ভারী হয়ে থাকা মাঠে কিছু ঝলক দেখালেও জালের দেখা পাননি আর্জেন্টিনা অধিনায়ক।

তবে শক্তিতে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছে লিওনেল স্কালোনির দলই।

শুরু থেকেই চাপ ধরে রেখে ম্যাচের সপ্তদশ মিনিটে এগিয়ে যায়  স্বাগতিকরা।

ডান দিক থেকে নাহুয়েল মোলিনার ক্রসে হুলিয়ান আলভারেসের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন ফের্নান্দেস।

৩২তম মিনিটে চমৎকার ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাস। তাকেই ফাউল করায় বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা।

২১ বছর বয়সী মিডফিল্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল।

বিরতির পর মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে মাঠে নামেন মেসি।

মাঠ ছাড়েন নিকো গনসালেস, পাস ও আলভারেস।

যোগ করা সময়ে ফ্রি কিকের পর জটলার মধ্যে বল পেয়ে আড়াআড়ি শটে ব্যবধান কমান লেফোর্ট।

এটাই ছিল ম্যাচের শেষ শট।

বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ জাম্বিয়া।