ইসরায়েলি সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
একই সময়ে দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর ট্যাংক ধ্বংসের দাবিও করেছে হিজবুল্লাহ। খবর আল-জাজিরার।
লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি জানায়, তারা মধ্য তেল আবিবে অবস্থিত ‘কিরিয়া’ এলাকায় ‘বেশ কিছু বিশেষায়িত ক্ষেপণাস্ত্র’ দিয়ে হামলা করেছে।
পাশাপাশি শহরের উত্তরে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনা লক্ষ্য করেও হামলা করা হয়েছে।
‘কিরিয়া’ কমপ্লেক্সে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে।
তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে।
তারা কান্তারা এলাকায় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে এবং ওই এলাকার সড়কে অগ্রসরমান সেনাদের সঙ্গে লড়াই হয়েছে।