বাগেরহাটের মোল্লাহাটে দায়িত্ব পালনরত এক সাংবাদিককে পথরোধ করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দৈনিক ইনকিলাব-এর উপজেলা প্রতিনিধি ও মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ঈদের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ইবনে মাসউদ মাদ্রাসা মোড়ে স্থানীয় যুবক নয়ন মিয়া (২০) তার পথরোধ করে। এ সময় সে অকথ্য ভাষায় গালিগালাজ করে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং দাবি পূরণ না হলে ‘সেভেন গিয়ার’ ছুরি দিয়ে হত্যার হুমকি দেয়।
অভিযুক্ত নয়ন মিয়া ওই এলাকার সাইদ মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে চিহ্নিত অপরাধী বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিক শরিফুল ইসলাম দিদার জানান, কোনো পূর্ববিরোধ ছাড়াই তাকে লক্ষ্য করে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে, যা তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত।
ঘটনার পর অভিযুক্তের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)-এর কেন্দ্রীয় সভাপতি আনজাম খালেক ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল তোহা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, একজন কর্মরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা ও প্রাণনাশের হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থী।
নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।