ঝালকাঠির রাজাপুরের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আংগারিয়া এলাকায় তুলাতুলিতে ফলক উন্মোচন করে নিজ হাতে খাল কেটে এ কাজের উদ্বোধন করেন তিনি। ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ কোটি ১১ লাখ ১৪৩৬৭ টাকা ব্যয়ে ৩ দশমিক ৪১ কিলোমিটার খাল খনন করা হবে। যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এ সময় খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাজিব আহসান বলেন, কে কে খাল দখল করেছে তাদেরকে বয়কট করতে হবে। শক্তি প্রয়োগের প্রয়োজন নেই, বরং মন থেকে ঘৃণা করলেই যথেষ্ট।

তিনি বলেন, দেশের প্রতিটি খাল উদ্ধার করে মানুষের ব্যবহারের উপযোগী করা হবে। খালকে ঘিরেই একসময় মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছিল। সেই ধারা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এটি সরকারের এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ আসনের সাংসদ রফিকুল ইসলাম জামাল, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে দ্রুত ও সময়মতো পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা থেকে যেমন ফসলকে রক্ষা করা যাবে তেমনি অধিক জমি চাষের আওতায় আসবে। অধিক জমি চাষের আওতায় আসবে। স্থানীয়ভাবে ছোট নৌকা চলাচল করবে এবং উপপ্রকল্পে মৎস্য উৎপাদনে সহায়ক হবে। পানি সংরক্ষণ করে অধিক জমিতে শুষ্ক মৌসুমে আমন ও বোর ধানের চাষাবাদ করা যাবে। পানি সংরক্ষণের মাধ্যমে সম্পূরক সেচ দিয়ে অতি খরার হাত থেকে মৌসুমী ফসল রক্ষা করা যাবে। খালে ও বিলে পানি সংরক্ষণে প্রাকৃতিক পরিবেশ উন্নয়নে সহায়ক হবে। পানি সংরক্ষণের মাধ্যমে খালে বিলে মৎস্য চাষ করা যাবে ও খালের পার্শ্বে বৃক্ষ রোপণ সম্ভব হবে। এতে এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দারিদ্রতা হ্রাস পাবে।