দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের ঈদ সাধারণ মানুষের মাঝে নতুন মাত্রার আনন্দ ও প্রত্যাশা সৃষ্টি করেছে। এই ইতিবাচক পরিবেশকে কাজে লাগিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার সকালে লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছো বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, জনগণের দেওয়া আস্থা আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব।
এই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব এবং উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।
এসময় আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটকে একটি উন্নত ও আদর্শ জেলায় পরিণত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
ঈদের জামাত শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আতিকুর রহমান।
পরে মন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।