পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি ও পরিবহন খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ঈদযাত্রায় সাধারণ মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে।

শফিকুর রহমান বলেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে।

কারণ, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূলভিত্তি এটিই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক স্ট্যাটাসে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির।

তিনি আরো বলেন, অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদ যাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?

শফিকুর রহমান বলেন, কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ—জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না।

অতএব, সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই এই সমস্ত দায় বহন করতে হবে।