ইরান যুদ্ধ ২১তম দিনে গড়ালেও মধ্যপ্রাচ্যে (ইরানে) মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও, তবে নিশ্চিতভাবেই আমি আপনাদের তা জানাতাম না। কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না। ’
ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে, তা নিয়ে পর্যালোচনা চলার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য এল।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলো জব্দ করার বিষয় আলোচনায় রয়েছে।
এ ধরনের কোনো অভিযান চালাতে হলে ইরানে বিপুলসংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।
প্রসঙ্গত : ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে।
ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
সূত্র : রয়টার্স