পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া ও ভারত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশ দুটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হবে।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও ইন্দোনেশিয়ার আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশ দুটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এ বছর মধ্যপ্রাচ্যসহ বেশ কিছু দেশ আগামীকাল (শুক্রবার, ২০ মার্চ) থেকে ঈদ উদযাপন শুরু করবে। তবে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশসহ কিছু দেশে শনিবার ঈদ উদযাপন করা হবে।
ইসলামি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস এবং চাঁদ দেখার ওপর ভিত্তি করে এটি ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এর পরবর্তী মাস হলো শাওয়াল। শাওয়াল মাসের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপিত হয়।
এদিকে মালয়েশিয়ার আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে।