বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ২১ মার্চ হওয়ার সম্ভবনা রয়েছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির এ তথ্য নিশ্চিত করবে। তবে ঈদের দিন শনিবার (২১ মার্চ) দেশে সকাল ও সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে। রাজধানী ঢাকাতেও ওই দিন হতে পারে কালবৈশাখী।
আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) পুরো দেশের ওপর দিয়ে দুই বার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
তিনি জানান, ঈদের পূর্বের দিন মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার আশংকা করা যাচ্ছে।
তিনি বিশ্লেষণ কর জানান, এই ধরনের কালবৈশাখী ঝড়ের ক্ষেত্রে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো; সকাল ৬টার পর থেকে সকাল ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলো এবং সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে। ফলে সম্ভাবনা রয়েছে যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে ঠিক ঈদের দিন সকাল ৭টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
পলাশ জানান, আজ বৃহস্পতিবারের পূর্বাভাসে নিদিষ্ট করে বলা যাচ্ছে না যে ঈদের দিনে ঢাকা শহরের ওপর দিয়ে ঠিক কোন সময়ে কালবৈশাখী ঝড়টি অতিক্রম করবে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ঈদের পূর্বের দিন ও ঈদের পরের দিনও প্রায় সরা দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আগামী পাঁচদিন বৃষ্টি বৃষ্টি ঝরতে পারে। এ সময়ের মধ্যে প্রথম তিনদিন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া আগামী শনিবার ঈদের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরদিন সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।