পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। প্রকৃত ঘটনা হলো— ঝড়-বৃষ্টির সময় ছিঁড়ে পড়ে থাকা বাইরের সার্ভিস লাইনের তার অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার এবং জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতর জানায়, মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়, তা তাদের নজরে এসেছে। তবে বাস্তবে সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

আরও জানানো হয়, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত ব্যক্তিরা সেগুলো নিয়ে যায়।

ঘটনাটি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।