বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দিনগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নেয় দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়, চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগে চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যান তারা। চুরি হওয়া এসব তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এ চুরির সঙ্গে জড়িত, তা উদঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।