ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাস্ত করেছে বাংলাদেশ দল। এতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। এই সাফল্যের জন্য টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের (গতকাল) শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরম্যান্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে।

তৃতীয় শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ২৭৯ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ১১ রানের জয় পায় টাইগাররা।