জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের মা ফজিলাতুন্নেছা আর নেই।
গতকাল রবিবার বিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গুণী এই অভিনেতার মায়ের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান।
প্রিয় অভিনেতার মাতৃবিয়োগের সংবাদে শোবিজ অঙ্গনসহ তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৬ মার্চ) লক্ষ্মীপুরের জগৎপুর গ্রামে মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন হবে। মরহুমার প্রয়াত স্বামীর প্রতিষ্ঠিত মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
দীর্ঘ ক্যারিয়ারে মাহফুজ আহমেদ বারবার তার সফলতার পেছনে মায়ের অবদানের কথা স্মরণ করেছেন।
শোকসন্তপ্ত এই সময়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।