সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর থেকেই সমালোচনায় ছিল পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে সেই সমালোচনা কিছুটা কমাতে পারত তারা। তবে তা হয়নি। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল ২-১ ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে।
রোববার (১৫ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ১১ রানে হেরে যায় পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ২৯০ রান করে। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায় সফরকারী পাকিস্তান।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জয়ের নজির গড়েছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
পাকিস্তানের এমন পারফরম্যান্সের পরই দেশটির নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে তিনি নির্বাচকদের সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন।
আফ্রিদি বলেন, আপনারা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দেখেছেন। এখন আমরা বাংলাদেশ সিরিজও ২-১ ব্যবধানে হেরেছি। আমার মতে নির্বাচক কমিটির সমালোচনা পাওনা। কমিটির সবাই এত ক্রিকেট খেলেছেন, তবুও মনে হয় না কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত সে বিষয়ে আপনাদের পরিষ্কার ধারণা আছে।
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দলে রাখা হয়েছিল ছয় অনভিষিক্ত ক্রিকেটারকে। এই সিরিজের আগে আব্দুল সামাদ, মাজ সাদাকাত, গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেন কেউই ওয়ানডে খেলেননি। এমনকি সাদ মাসুদ প্রথম শ্রেণির কোনো ম্যাচও খেলেননি।
এ নিয়ে আফ্রিদি বলেন, আপনারা ‘সার্জারি’ নাম দিয়ে খুব বেশি সিদ্ধান্ত নিচ্ছেন। এমন তরুণ খেলোয়াড়দের দলে নিচ্ছেন যারা মাত্র কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। আমাদের ঘরোয়া ক্রিকেটের মানও এমন নয় যে সেখান থেকে নিয়মিতভাবে এমন খেলোয়াড় তৈরি হবে, যারা সরাসরি জাতীয় দলে জায়গা নিশ্চিত করতে পারে।
তিনি আরও যোগ করেন, যেসব সিনিয়র খেলোয়াড় দলে থাকার যোগ্য ছিল যদিও টি-টোয়েন্টিতে তাদের পারফরম্যান্স খুব শক্তিশালী না ওয়ানডেতে কিন্তু তাদের খুব ভালো রেকর্ড ছিল। কিন্তু সার্জারির নামে আপনারা সেই অভিজ্ঞ খেলোয়াড়দেরও দূরে রাখছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ হারায় পাকিস্তান দলের নির্বাচনী প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।