প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শত শত মানুষকে জিজ্ঞেস করেছি, কিন্তু বলতে পারেনি যে আমি আমার ভোট দিতে পারিনি। গত নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীদের জিজ্ঞেস করেছি যে আপনারা কোনো বাধা-বিপত্তি পেয়েছেন কিনা? সবাই আমাকে বলেছেন, না আমরা কোনো বাধা পাইনি।
সোমবার নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টের অডিটরিয়ামে নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি একজনের কথা শুনি নাই যে তারা ভোট দিতে পারেনি। অতীতে আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো উঠে ভোট হয়ে যাওয়ার পরে। সবাই মিলে আমরা যে নির্বাচন করেছি এজন্য আমি আনন্দিত।
আমি আনন্দিত এজন্য যে আমি জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি।
সিইসি বলেন, এবার নির্বাচনে কিন্তু অনেক নারী ভোটের প্রক্রিয়া যুক্ত হয়েছে। অনেক ক্ষেত্রে অপপ্রচারের কারণে নারীদের অবদানকে খাটো করে দেখানো হয়। এ অপপ্রচার বন্ধ করতে হবে।
যখন আমরা আরও সভ্যতার দিকে এগিয়ে যাব, এটা আস্তে আস্তে কমে আসবে। নারীরা সমাজ গঠনে যত এগিয়ে আসবে, আমরা ততই উন্নয়ন করব। নারী উন্নয়নে আমাদের আরও কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্য নির্বাচন কমিশনারসহ অন্যরা উপস্থিত ছিলেন।