বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে সমাধি কমপ্লেক্সে যান তারা। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন স্পিকার ও ডেপুটি স্পিকার।

এসময় তারা কিছুক্ষণ নীরবতা পালন এবং রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃস্থাপিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি এবং গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সীমাহীন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন- তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি।

স্পিকার বলেন, বাংলাদেশের বিচক্ষণ জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জয়যুক্ত করেছে, যা গণতন্ত্রের পথকে সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে আমরা দল থেকে পদত্যাগ করে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব নিয়েছি।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। সেদিন সংসদ অধিবেশনে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।