ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। গত দুই দিনে সোমবার ও মঙ্গলবার মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোর সংরক্ষণাগারে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে পার্বতীপুর রেলহেড ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব এ তথ্য জানান।

তিনি জানান, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ডিজেল পার্বতীপুরে পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।

কৃষিনির্ভর উত্তরাঞ্চলের ৮টি জেলায় সেচ কার্যক্রমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ডিজেলনির্ভর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করা হয়। এ চুক্তির আওতায় আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে, যাতে রাজনৈতিক কর্মসূচি বা পরিবহন ঝুঁকির সময়েও জ্বালানি সরবরাহ ব্যাহত না হয়।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিজেল আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বিপিসির নিজস্ব অর্থায়নে এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।

এদিকে, আগামী চার মাসের মধ্যে একই পাইপলাইনের মাধ্যমে আরো ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে বিপিসি।

উল্লেখ্য, পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।