রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন দেখা গেছে। সরবরাহ ঘাটতির কারণে এখনও কিছু পাম্প স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি।

বুধবার (১১ মার্চ) সকালে তেল নিতে এসে মোটরসাইকেল ও গাড়ি চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। কেউ ফজরের নামাজ শেষে, কেউবা সাহরি খেয়ে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ গভীর রাতেও লাইনে অবস্থান করেছেন।

পাম্পের কর্মীরা জানিয়েছেন, কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ। তবে, সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে।

চালকরা অভিযোগ করেছেন, ভোগান্তি কমাতে সরকারকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুদ করছে বলেও অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, তেলের এই ঘাটতি সাময়িক হলেও দ্রুত সমাধান না হলে রাজধানীর যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যেতে পারে।