লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ হারিয়েছেন বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে ঘটে এ ঘটনা। নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা দাঁড় করানো নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আরমান ও কবির মোহরি নামে দুই রিকশাচালক। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হন বেল্লাল। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বেল্লালের মৃত্যুর এ ঘটনায় পালিয়ে গেছেন অভিযুক্ত আরমান। তিনি রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক। তাকে গ্রেপ্তারে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা।
বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।