লন্ডনে ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মৌসাভিকে তলব করেছে যুক্তরাজ্য সরকার।

আলজাজিরা লিখেছে, মৌসাভিকে ডেকে পাঠানোর ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে ইরানের ভূমিকার বিষয়টি জড়িত বলে ধারণা করা হচ্ছে।

একটি বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ মন্ত্রী হামিশ ফ্যালকোনার ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান।

যুক্তরাজ্য সরকার বলেছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানের ‘উত্তেজনাপূর্ণ আচরণের’ পরিপ্রেক্ষিতে, যা তারা মনে করছে ওই অঞ্চলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলায় শরিক না হওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে কঠোর ভাষায় সমালোচনা করে চলেছেন। তারই মধ্যে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় সতর্ক করে দিল লন্ডন।