পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমি কোনো নির্দিষ্ট দলের মন্ত্রী নই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। কাজেই যারা ভোট দিয়েছেন বা যারা দেননি সবার জন্য আমি বা আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।
বুধবার (৪ মার্চ ) সন্ধ্যায় রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আর বলেন, নির্বাচনের অনেক আগে থেকেই আমরা স্লোগান দিয়েছি সবার আগে বাংলাদেশ। আমাদের রাষ্ট্র ও পররাষ্ট্র নীতিতেও দেশের স্বার্থ এগিয়ে রাখছি। সরকার ক্ষমতায় বসার এখনো ১ মাস হয়নি, ইতিমধ্যে খাল খনন থেকে ফ্যামিলি কার্ড; জনগণকে দেওয়া সব ধরনের প্রতিশ্রুতি আলোর মুখ দেখতে শুরু করেছে।
নিজের নির্বাচনী আসন নিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ভৌগোলিকভাবে উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ দেবীগঞ্চ। এই অঞ্চলে ইকোনমিক জোন গড়ে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে। এ ছাড়া এখানকার ময়নামতির চরকে ভাঙনের হাত থেকে রক্ষা করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, আমি জীবনে কোনো দিন মাদক গ্রহণ করিনি। কাজেই আগের দিন ভুলে যান। উত্তরাঞ্চলে কোনো মাদক কারবারি চলবে না।
মাদককে সমূলে উৎপাটন করা হবে। যারাই মাদকের কেনাবেচা করবে তাদের আইনের আওতায় আনা হবে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।
এ সময় দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ঢাকা থেকে ৫০০ কিলোমিটার দূরের এই জেলার জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. আইনুল হক পিইঞ্জের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মাহাবুবুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. আব্দুর রহমান, দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সামিউর রহমান জিপু, সহসভাপতি আজিজ তাহের খান সাদী, সরোয়ার মহসিন বসুনিয়া, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।