মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সবকয়টি বাহিনী ধ্বংস হয়ে গেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ দাবি করেছেন।

ট্রাম্প তার ট্রুথ স্যোশালে লিখেছেন, “তাদের বিমান প্রতিরক্ষা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। তারা কথা বলতে চায়। আমি বলেছি, অনকে দেরি হয়ে গেছে!”

ইরান যুদ্ধের সর্বশেষ যা জানা যাচ্ছে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের শত্রুদের ‌যুদ্ধ বন্ধ করতেই হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দেরি হওয়ার আগেই নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে তিনি সতর্ক করে বলেছেন, যে প্রক্রিয়া শুরু হয়েছে তা শিগগিরই ইউরোপকে গ্রাস করবে।

এদিকে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) সর্বশেষ উপগ্রহচিত্রের ভিত্তিতে জানিয়েছে, ইরানের ভূগর্ভস্থ নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রবেশপথের কিছু ভবনে সাম্প্রতিক ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। তবে কোনো তেজস্ক্রিয়তার প্রভাব লক্ষ্য করা যায়নি। অতিরিক্ত কোনো ক্ষতির চিহ্নও পাওয়া যায়নি।

ইসরায়েল দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন জোরদার করার পর সেখানে অগ্রসর হয়ে কৌশলগত অবস্থান দখলের নির্দেশ দিয়েছে। এর ফলে সীমান্ত এলাকা থেকে লেবাননের সেনাবাহিনী পিছু হটেছে।

শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সোমবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে লেবাননে অন্তত ৩০ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ জনের জন্য দেশটিতে গণ-জানাজার আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, অন্তত ১৫৩টি শহরের পাঁচ শতাধিক স্থাপনায় হামলা হয়েছে।

কাতার জানিয়েছে, ইরানের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগ চলছে না। দেশটি দাবি করেছে, হামলা শুধু সামরিক স্থাপনায় নয়, তাদের পুরো ভূখণ্ডকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

অন্যদিকে, কুয়েত সরকার কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে চালানো ‌‘বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলার’ বিষয়টি নিশ্চিত করেছে।