ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকায় দাফন করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে বাদ আসর নানা বাড়ির পাশেই দাফন সম্পন্ন হয়।
ওই দিন দুপুরে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় আলভীসহ পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় জাহের আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন বলে জানা গেছে।
ইকরার বাবা কবির হায়াত খান মেয়ের মৃত্যুকে হত্যা দাবি করে আলভী ও তার মায়ের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছেন এবং দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার কিছু ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর আলভীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও সামনে আসে।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানসিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার আলভীকে নিয়ে বিভিন্ন সময়ের ব্যক্তিগত চ্যাট ফাঁস হয় যাতে স্পষ্ট ইঙ্গিত ছিল অভিনেত্রী তিথির সাথে বেশ কয়েক বছর ধরেই তার স্বামী সম্পর্কে আছেন। এরপর থেকেই বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামে এক ছেলে রয়েছে।