সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেলো দক্ষিণ আফ্রিকা। এর আগে গ্রুপ পর্বেও সবগুলো ম্যাচেই জিতেছিল তারা। চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল প্রোটিয়ারা। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে এইডেন মারক্রামের দল।
সমীকরণের কোনো বালাই নেই, দক্ষিণ আফ্রিকা তো সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। আর জিম্বাবুয়ে তো আগেই বাদ পড়েছে, আজ জিতলে তা হতো শুধুই সান্ত্বনার জয়। এমন ম্যাচে তেমন কোনো উত্তাপ না থাকারই কথা।
রোববার (১ মার্চ) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া উইকেটে দাঁড়াতে পারেননি আর কোনো ব্যাটার। শেষদিকে অবশ্য ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মাদান্দে। এর আগে ৪৩ বলে ৭৩ রান করে আউট হয়েছেন রাজা। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ১৪ রান জমা হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক। ২ বলে ০ রান করা ডি কক ফিরেছেন প্রথম ওভারেই। অন্যদিকে মারক্রাম আউট হয়েছেন ৫ বলে ৪ রান করে।
এরপর দলের হাল ধরেছেন রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস। আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন তারা। ২২ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন রিকেলটন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ৪৩ রান।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ডেভিড মিলারও নিজের ইনিংস বড় করতে পারেননি। দুটি করে চার ও ছক্কায় ১৬ বলে ২২ রান করে মুজারাবানির বলে মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ব্রেভিস থেমেছেন ১৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে।
শেষদিকে ত্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে মিলে দলকে পথ দেখিয়েছেন। দুজনের ৪৩ বলে ৫৩ রানের জুটিতে ১৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ২১ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন লিন্ডে। স্টাবস অপরাজিত ছিলেন ২৪ বলে ২১ রান করে। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। ১টি করে উইকেট শিকার করেছেন ব্র্যাড ইভানস ও ব্লেসিং মুজারাবানি।