ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা-পাল্টা হামলার ঘটনায় অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় বেবিচক জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত থাকবে।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়।

অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি। এগুলো প্রধানত সামরিক গুরুত্বপূর্ণ স্থান।