পাল্টা হামলার আশঙ্কায় নিজেদের আকাশে বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। শনিবার সকালে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলার পর ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য পাল্টা হামলায় আশঙ্কায় দেশজুড়ে স্থায়ী সতর্কতা জারি করেছে। এরপরই ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ সব বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করার ঘোষণা দেয় এবং জনসাধারণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ করেছে।

এর আগে শনিবার সকালে ইরানের বিভিন্ন শহরে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানজুড়ে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আগুনের আভা দেখা গেছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ওপর সম্ভাব্য হুমকি দূর করতেই বৃহস্পতিবার সকালে ইরানে একটি প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, এই হামলাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ সামরিক অভিযান হিসেবে পরিচালিত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে চাপ দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বিশাল যুদ্ধবিমান বহর এবং যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন বলছে, তেহরানে এই হামলাগুলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে সংঘটিত হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, তেহরানের উত্তরের সৈয়দ খন্দান এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।