নরসিংদীতে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ডাকসু নেতারা। মিছিলটি ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে ডাকসুর নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।

এসময় ডাকসু ভিপি বলেন, সম্প্রতি নরসিংদির ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। সেখানে দেখেছি কীভাবে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সাদিক কায়েম আরও বলেন, আমরা দেখছি আওয়ামী সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়।

তারা একটা সন্ত্রাসী সংগঠন।

বিক্ষোভ সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আপনারা  সরকার চালাতে চাইলে এসব ধর্ষণের বিরুদ্ধে সিরিয়াস হন। এসব অপরাধ চলতে থাকলে আমরা ছাত্রসমাজ আপনাদের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলবো।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, নারীর নিরাপত্তা একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

সর্বশেষ নির্বাচনে আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল নারীর নিরাপত্তাকে তাদের ইশতেহার বানিয়েছিলো। কিন্তু এখন দেখছি তারা ধর্ষকদের নিরাপত্তা দিচ্ছে।

এছাড়া বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমাডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।