জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের হাতে রক্ত দিতে হলে তার দায় বিএনপির বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি হাস্যোজ্জ্বল ছবি সংযুক্ত করে সারজিস লিখেন, এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র!
তিনি লিখেন, বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবেনা এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপনে বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন, তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো।
এনসিপির এ নেতা দাবি করেন, বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরের কিছু এজেন্ট একসাথে মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্রবিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো।
সারজিস লিখেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়।

তিনি লিখেন, যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে।
বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ করে এরপর এনসিপির এ নেতা লিখেন, মনে রাখবেন- সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে।
সারজিস আরও লিখেন, যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যেকোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার খু*ন হতে হয় কিংবা রক্ত দিতে হয় তাহলে তার দায় জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। জনাব তারেক রহমানকে আজকের এই পদক্ষেপের জন্য ধিক্কার জানাই।