বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়। চিঠিটি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠির শুরুতে ট্রাম্প ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী হিসেবে তার সাফল্য কামনা করেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
চিঠিতে পারস্পরিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন ট্রাম্প। তিনি বলেন, এ চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে এবং উভয় দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন।
প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী আধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।
চিঠির শেষাংশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতিও তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং দুই দেশের জনগণের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।