খেলাধুলা ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর থেকেই অস্ট্রেলিয়ার সুপার এইটে খেলার শঙ্কা দেখা দিয়েছিল। সেই শঙ্কা আরও ঘনীভূত হয় শ্রীলঙ্কার কাছে হারের পর। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়ল অস্ট্রেলিয়া। তাদের বিদায়ের মাধ্যমে সুপার এইট খেলার যোগ্যতা অর্জন করেছে জিম্বাবুয়ে।

আজ পাল্লেকেলেতে বৃষ্টিবাধার কারণে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ মাঠে গড়াতে পারেনি। ফলে দু’দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। এই এক পয়েন্টের সুবাদেই জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে সুপার এইটে খেলার যোগ্যতা নিশ্চিত করে। গতকাল শ্রীলঙ্কার কাছে হারের পর অজিদের সামনে শুধু অপেক্ষার মুহূর্ত ছিল আইরিশদের কাছে জিম্বাবুয়ের হার দেখার।

ম্যাচ মাঠে না গড়ানোর কারণে শেষ পর্যন্ত সেই অপেক্ষার সৌভাগ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সমর্থকদের হয়নি। হোটেল রুমে বসেই তারা শুনতে বাধ্য হন বিশ্বকাপ থেকে তাদের ছিটকে যাওয়ার খবর।

জিম্বাবুয়ের আত্মবিশ্বাসী অধিনায়ক

সুপার এইটে খেলার যোগ্যতা নিশ্চিত করলেও জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা খুশি মনে করেন এটিকে চূড়ান্ত অর্জন নয়। ব্রডকাস্টারের সঙ্গে কথোপকথনে তিনি বলেন,

“এখন পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তা পুরোটা নয়। এটা শুধু ছোট অর্জন।”

তিনি আরও বলেন,

“যোগ্যতা অর্জন করাটাই আমাদের চূড়ান্ত অর্জন নয়। সবাই আন্ডারডগদের গল্প পছন্দ করে। যেকোনো ধরনের কন্ডিশনে খেলার জন্য আমরা নিজেদের খুঁজে নিচ্ছি। আমরা যেখানেই দুই বা তিনদিন অনুশীলনের সুযোগ পাচ্ছি, সেখানেই কন্ডিশন পুরোপুরি বোঝার চেষ্টা করছি।”

রাজা সমর্থকদের কথা উল্লেখ করে যোগ করেন,

“যখন তাদের আমরা দেখছি এবং শুনছি, এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। আশা করি আরও অনেক সমর্থক আসবে। আমরা সব সময় জিম্বাবুয়ের পতাকা সবার ওপরে রাখার চেষ্টা করছি। শেষ পর্যন্ত সেই চেষ্টাটাই থাকবে।”