খেলাধুলা ডেস্ক: নিরাপত্তার অজুহাতে ৩১ জানুয়ারি শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের হাতে নতুন কিছু নির্দেশনা তুলে দেওয়া হয়েছিল।

তবে আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই রাতের সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে যে বিধিনিষেধ ছিল তা বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনেই তিনি মোবাইলে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন-কে নির্দেশ দেন, যাতে সাংবাদিকরা আগামীকাল থেকে স্বাধীনভাবে মাঠে কাজ করতে পারেন।

আমিনুল হক সংবাদ সম্মেলনে বলেন,

“আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কাল থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।”

এর আগে বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, শুধুমাত্র ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, পূর্বনির্ধারিত ট্রেনিং বা প্র্যাকটিস সেশন- এসমস্ত অনুষ্ঠানেই সাংবাদিকদের প্রবেশাধিকার থাকবে।