আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৃতীয় দফা শান্তি আলোচনা শুরু হয়েছে সুইজারল্যান্ডে। রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ চার বছরে পদার্পণের প্রাক্কালে এ আলোচনা শুরু হলো।
ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ জানান, মঙ্গলবার জেনেভায় শুরু হওয়া দুই দিনের বৈঠকে নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো অগ্রাধিকার পাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ইউক্রেনের প্রতিনিধি দল গঠনমূলক ও মনোযোগীভাবে আলোচনায় অংশ নিচ্ছে, তবে অতিরিক্ত প্রত্যাশা করছে না।
যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা একই দিনে সুইজারল্যান্ডের অন্য এক ভেন্যুতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করার পর জেনেভার বৈঠকে যোগ দেন।
রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি বলে জানিয়েছে ক্রেমলিন। গণমাধ্যমের উপস্থিতি ছাড়াই বন্ধ কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও ইতালির সরকারি প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
আলোচনার মধ্যেই হামলা-পাল্টা হামলা
আলোচনার আগেই ইউক্রেন অভিযোগ করে, রাশিয়া রাতভর ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৩৯৬টি ড্রোন হামলা চালিয়ে শান্তি প্রচেষ্টা ভণ্ডুলের চেষ্টা করছে। এতে অন্তত নয়জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানির সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা ১৫০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার বেশিরভাগই দক্ষিণাঞ্চল ও রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের আকাশে। দক্ষিণ রাশিয়ার একটি তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনাও নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, জেনেভা বৈঠকে রাশিয়া ভূখণ্ড ইস্যুসহ বিস্তৃত বিষয় উত্থাপন করবে। ২০১৪ সাল থেকে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে নিয়েছে।
এদিকে ইউরোপে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ এবং মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকোল আলোচনায় উপস্থিত রয়েছেন। তারা রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানিয়েছেন মুখপাত্র কর্নেল মার্টিন ও’ডনেল।