ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গেছে।

মূলত ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকেরা পেয়েছে আরো ৩টি আসন। সব মিলিয়ে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়ায় ২১২টিতে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন।