ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৫ থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা ও দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে মোট ৮২ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৫ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯৮ জন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা চলাকালীন কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল।