ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো চোখে পড়েনি। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
এর আগে, আজ দুপুর ১২টার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। এরপর সাড়ে ১২টায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।