‘আমরা জয়লাভে শতভাগ আশাবাদী। সাধারণ ভোটাররা এখন পর্যন্ত স্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। আমরা জনগণের প্রতি আস্থাশীল। জনগণের রায়ের প্রতি আস্থা রেখেই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। ’

সকাল সাড়ে নয়টায় আহসানিয়া মিশন স্কুল এন্ড কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক।

তিনি বলেন, এবার নির্বাচনে সবাই সবার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে। আমরা দল-মত নির্বিশেষে এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে সহমত পোষণকারী, ভিন্ন মতাদর্শী সবাই তার বাক স্বাধীনতার মাধ্যমে সত্য কথা বলতে পারবে।

সত্য কথা বলতে গিয়ে কাউকে যাতে হামলা মামলার সম্মুখীন হতে না হয় আমরা সেটি নিশ্চিত করতে চাই।

তিনি আরো বলেন, খবর নিয়ে জানতে পেরেছি দুই একটি কেন্দ্রে ভোট  দিতে একটু দেরি হয়েছে। আধাঘণ্টা পর ভোট শুরু হয়েছে। জনগণ স্বাধীনভাবে ভোট প্রয়োগ করছে এর মাধ্যমে আমরা একটি জনগণের সরকার গঠন করতে পারবো।

গণতন্ত্রকে উদ্ধার করে মানুষের ভোটাধিকার নিশ্চিতের যেই লড়াই আমরা দীর্ঘ সময় ধরে করেছি আজকের দিনে ষড়যন্ত্রকে মোকাবেলা করে উৎসবমুখর পরিবেশে ভোটের দিনটি শেষ করতে পারবো বলে আমরা আশা করছি।

আমিনুল হক বলেন, তবে আগের রাতে বিভিন্ন কেন্দ্রে জামায়াতের প্রার্থীরা টাকা নিয়ে ধরা পড়েছে এমন ঘটনা আমাদের সামনে এসেছে। জামায়াতের অনেকেই কেন্দ্র দখল করতে গিয়ে ধরা পড়েছেন। জামায়াত বিভিন্নভাবে সহিংসতার মাধ্যমে এবং প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জামায়াতের কোনো ষড়যন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত হতে দেয়নি।

জামাতের কোন জনসমর্থন নেই। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বটবাহিনীর দ্বারা সমর্থন জোগাড়ের চেষ্টা করেছে।